মানিকগঞ্জে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন লাভনী
১৭/৯/২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষায় সারাদেশের মধ্যে সেরা ফলাফল অর্জন করে ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পেয়েছেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী আনিছা আক্তার লাবনী। তিনি সিজিপিএ-৪ এর মধ্যে ৩ দশমিক ৯৭ পেয়ে এ সম্মাননার জন্য নির্বাচিত হন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী তার হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও শিক্ষাবৃত্তির চেক তুলে দেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ছয় বছরের ফলাফলের ভিত্তিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে সেরা ফলাফল অর্জনকারী ৩৭টি কলেজের ৫৭ জন শিক্ষার্থীকে এবার ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
লাবনী মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে গণিত বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দানিস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
শেয়ার করুন